বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

আপডেটের একটি ত্রুটির কারণেই মাইক্রোসফটের বৈশ্বিক সেবা বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
গত সপ্তাহে আউটলুকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা প্রায় একদিন অচল ছিল। হাসপাতাল, পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাত এতে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের বরাতে বিডিনিউজ জানিয়েছে, তিনটি বিষয় একসঙ্গে মিলে এই বিপর্যয় ঘটে।
প্রথম কারণ জুলাইয়ে আনা মাইক্রোসফট ৩৬৫-এর সার্ভার আপডেট। কোম্পানির ভাষ্য, ওই আপডেটে এমন ত্রুটি ছিল যে অতিরিক্ত চাপ পড়লে সার্ভার ভারসাম্য হারাত। পরীক্ষায় বিপুল ট্রাফিকের চাপ যাচাই করা হয়নি। নতুন ও শক্তিশালী হার্ডওয়্যারেও পরীক্ষা হয়নি।
দ্বিতীয় কারণ ট্রাফিক বৃদ্ধি। বিভ্রাট শুরুর প্রায় ১৫ ঘণ্টা আগে মাইক্রোসফট টিমস আউটলুকের এক্সচেঞ্জ অনলাইন যে নেটওয়ার্কে চলে, সেখানে যুক্ত হয়। তৃতীয় কারণ সক্ষমতা কমে যাওয়া। আলাদা এক সমস্যায় সে সময় মোট সার্ভার সক্ষমতার প্রায় ১৪ শতাংশ অচল ছিল।
দুই ঘণ্টারও কম সময়ে পুরো নেটওয়ার্কের সার্ভার অচল হয়ে পড়ে। সবচেয়ে খারাপ অবস্থায় ৮০ শতাংশ সার্ভার সাড়া দিচ্ছিল না। টিমস, ওয়ানড্রাইভ ও শেয়ারপয়েন্টের মতো কয়েকটি সেবা দ্রুত সচল হয়। আউটলুকের ক্ষেত্রে তা সম্ভব হয়নি।
মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। কোম্পানি জানিয়েছে, চূড়ান্ত প্রতিবেদন এ সপ্তাহের শেষ দিকে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন