বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে সাইবার হামলার মাধ্যমে জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের গ্রাহকের তথ্য চুরির খবর এসেছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজের কর্মকর্তারা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর জানান, গ্রাহকের নাম ও ই-মেইল ঠিকানা চুরি হয়ে থাকতে পারে। প্রতিষ্ঠানটির ভাষ্য, হামলার লক্ষ্য ছিল তৃতীয় পক্ষের বিক্রেতা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ব্যাংকটির মার্কেটিংবিষয়ক তথ্য ব্যবহারের অনুমতি পেয়েছিল।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোকরাডারের তথ্যমতে, এনজিরোএন নামের একটি র্যানসমওয়্যার গোষ্ঠী ডার্ক ওয়েবে হামলার দায় স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ১৬ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে হামলা হয়। গোষ্ঠীটির দাবি, তাদের কাছে কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এবং রেস্তোরাঁ ও হোটেল বুকিংয়ের তথ্য আছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, তারা মুক্তিপণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল।
ভিসা জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের একটি তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। এ অঞ্চলের মধ্যে বাংলাদেশও পড়ে। তবে কোন কোন দেশের গ্রাহক প্রভাবিত হয়েছেন, তা প্রতিবেদনে বলা হয়নি।
ভিসার ভাষ্য, লেনদেনের তথ্য ও ক্রেডিট কার্ডের নম্বর চুরি হয়নি। সাইবারনিউজ দাবি করেছে, হামলাকারীদের হাতে ভিসা কার্ডধারীদের পুরো নাম, ই-মেইল ও মুঠোফোন নম্বর এসেছে। মাস্টারকার্ডের এক মুখপাত্র জানান, খুব অল্পসংখ্যক কার্ডধারী প্রভাবিত হয়েছেন। তারা একটি নির্দিষ্ট রিওয়ার্ডস প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন