Advertise top
প্রযুক্তি

স্কুলশিক্ষার্থীদের এআই টুল বন্ধ রাখছে গুগল

বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম    

স্কুলশিক্ষার্থীদের এআই টুল বন্ধ রাখছে গুগল
যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় ক্রোমবুক ও গুগলের শিক্ষাবিষয়ক অ্যাপের ব্যাপক ব্যবহার রয়েছে। রূপক ছবি

কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এআই টুল ডিফল্টভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে গুগল।

 

গুগল মঙ্গলবার, ৩ নভেম্বর এক ব্লগ পোস্টে জানায়, জেমিনি, জেমিনি নোটবুক, ক্লাসরুমে জেমিনি এবং সার্চ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। স্কুল কর্তৃপক্ষ নিজে চালু না করা পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হবে। পরে তা বিশ্বব্যাপী চালুর কথা বলেছে গুগল, তবে কোনো তারিখ জানায়নি। বার্তা সংস্থা এএফপিকে কোম্পানিটি এ তথ্য দিয়েছে।

 

এ পরিবর্তনের ফলে স্কুলগুলো এআই ছাড়া শুধু গুগল সার্চ চালু রাখতে পারবে না। গুগলের শিক্ষাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপস নিউ ইয়র্ক টাইমসকে বলেন, সার্চ ও এআই এখন ওতপ্রোতভাবে জড়িত। কোনো স্কুল এআই নিষিদ্ধ করলে শিক্ষার্থীরা সার্চ ব্যবহার করতে পারবে না। তারা স্কুলের পক্ষ থেকে একটি বার্তা দেখবে।

 

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক্সে লেখেন, গুগল তাদের একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে সরকারি স্কুলে এআই চাপিয়ে দিতে চাইছে। তার মতে, শিশুরা কীভাবে শিখবে তা ঠিক করার ক্ষমতা কোনো করপোরেট প্রতিষ্ঠানের থাকা উচিত নয়।

 

গত মাসে সেনেটর রিচার্ড ব্লুমেনথাল ও জোশ হাওলি গুগলকে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী ১৫ কোটির বেশি শিক্ষার্থী গুগল ক্লাসরুম ব্যবহার করে। স্কুলের ডিভাইসে এআই ফিচার কেন ডিফল্টভাবে চালু ছিল, সেই প্রশ্নও তোলা হয়। গত আগস্টে গুগল সব বয়সের শিক্ষার্থীর জন্য ক্লাসরুমে জেমিনি চ্যাটবট উন্মুক্ত করেছিল। যেসব স্কুল আগেই জেমিনি চালু করেছিল, সেখানে ফিচারটি আপনাআপনি চালু ছিল।

 

নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস গত সেপ্টেম্বরে স্কুল ডিভাইসে এআইয়ের ব্যবহার সীমিত করার পরিকল্পনা জানিয়েছিল। লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের একজন মুখপাত্র এএফপিকে বলেন, তারা গুগলের ঘোষণার সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখছেন। নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের একজন মুখপাত্র জানান, তারা গুগলের কাছে আরও তথ্য চেয়েছেন। তাদের ক্রোমবুকে জেমিনি চ্যাটবট ও এআই মোড আগেই বন্ধ আছে। সার্চ ফলাফলে এআই ওভারভিউ নিষ্ক্রিয় করার অনুরোধও তারা গুগলকে জানিয়েছেন।

 

গুগল এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, নতুন ব্যবস্থায় স্কুলগুলো আরও বেশি পছন্দের সুযোগ পাবে। কোম্পানিটির ভাষ্য, শিক্ষার্থীরা পড়াশোনায় শর্টকাট হিসেবে এআই ব্যবহার করছে কি না, তা নিয়ে উদ্বেগ আছে। স্কুলগুলোও এর ওপর নিয়ন্ত্রণ চেয়েছিল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal