বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বোর্ড বৃহস্পতিবার, ৫ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সরকারি নিয়ম অনুযায়ী ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির তালিকা করা হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়াদের মেধাবৃত্তি দেওয়া হয়েছে। সাধারণ বৃত্তির জন্য চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ-৩ লাগবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তি ৫০ শতাংশ ছাত্র ও ৫০ শতাংশ ছাত্রীর অনুপাতে দেওয়া হয়েছে। সাধারণ ও বিজ্ঞান বিভাগে বণ্টনের অনুপাত ৩:২। বৃত্তিপ্রাপ্তরা কোর্সের মেয়াদ পর্যন্ত বার্ষিক এককালীন অর্থ ও নির্ধারিত হারে মাসিক বৃত্তি পাবে।
টাকা সরকারের জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে যাবে। এ জন্য ভর্তির সাত দিনের মধ্যে অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে হিসাব খুলে নম্বর প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান তাদের কাছে মাসিক বেতন চাইতে পারবে না। চাইলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুধু প্রথমবার নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণরা বৃত্তির যোগ্য। অনিয়মিত শিক্ষার্থীরা বৃত্তি পাবে না।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন