Advertise top
আদালত-অপরাধ

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান কারাগারে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম    

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান কারাগারে
সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। ফাইল ছবি

যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় এক মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগের মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

শেখ হাসিনার সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে (৭৭) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার, ৫ নভেম্বর হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আমীর হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে গতকাল তার প্রতিষ্ঠিত বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ কার্যালয় থেকে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রতিষ্ঠানটির অপরাধ বিভাগের প্রধান রাজীব ঘোষকেও তখন আটক করা হয়। যদিও তাকে পরে ‘মুচলেকা’ নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বউবাজার সড়কে পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গোলাগুলি হয়। সেখানে এক মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রের চোখে গুলি লাগে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওই ঘটনায় ছাত্রের বাবা ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় আনা অভিযোগের বিষয়ে আদালতে এখনো কোনো রায় হয়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal