বরিশাল নিউজ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম

এইচএসসিতে একজনও পাস করেনি, তাই বরিশাল বিভাগের ১১ প্রতিষ্ঠানের প্রধানকে ব্যাখ্যা দিতে তলব করেছে শিক্ষা বোর্ড।
নোটিশ পাওয়া অধ্যক্ষদের পরিচালনা পর্ষদের সভাপতিকে সঙ্গে নিয়ে মঙ্গলবার, ১০ নভেম্বর বোর্ডে আসতে হবে। সশরীর উপস্থিত হয়ে তাদের ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বুধবার, ৪ নভেম্বর এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠান-প্রধানদের কাছ থেকে আগে সমস্যাগুলো জানা হবে। এরপর কী ব্যবস্থা নেওয়া যায়, তা ঠিক করা হবে।
নোটিশে প্রতিষ্ঠানগুলোর কাছে কিছু কাগজপত্রও চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রথম ও সর্বশেষ স্বীকৃতিপত্র, হালনাগাদ পরিচালনা কমিটির তথ্য এবং গত পাঁচ বছরের ফলের তালিকা।
নোটিশ পাওয়া ১১ প্রতিষ্ঠানের মধ্যে পটুয়াখালীর তিনটি, ভোলার তিনটি, বরগুনার দুটি, পিরোজপুরের দুটি ও ঝালকাঠির একটি রয়েছে।
পটুয়াখালীর তালিকায় আছে গলাচিপা উপজেলার বিপিসি স্কুল অ্যান্ড কলেজ, মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ এবং সদর উপজেলার আউলিয়াপুর ছাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ।
ভোলার প্রতিষ্ঠানগুলো হলো চরফ্যাশনের চরমানিকা জালাল আহম্মেদ কলেজ, লালমোহনের রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও সদরের মেদুয়া কলেজ।
বরগুনার বেতাগীর কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ এবং পাথরঘাটার হোগলাপাশা কলেজকেও নোটিশ দেওয়া হয়েছে।
পিরোজপুরের কদমতলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও নাজিরপুরের দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজ তালিকায় রয়েছে। ঝালকাঠির নলছিটির অ্যাডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অ্যান্ড কলেজও নোটিশ পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন