বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম

চ্যাটবটে নির্ভরতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের শিক্ষকরা বাড়ির কাজ কমিয়ে ক্লাসেই লেখা ও মৌখিক পরীক্ষা বাড়াচ্ছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক ডজন শিক্ষক ও শিক্ষাবিদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। স্যান ফ্রান্সিসকোর এক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষিকা ট্রিস্টেন চ্যাং গত বছর থেকে বাড়িতে রচনা লেখা বাদ দিয়েছেন। এর বদলে তিনি স্কুলে মৌখিক পরীক্ষা নেন। পরীক্ষায় ১৫টি প্রশ্নের উত্তর দিতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে।
চ্যাং বলেন, “আগের সব নিয়মকানুন এখন ফিকে হয়ে গেছে।” নিউ ইয়র্কের গণিত শিক্ষক ববসন ওয়াং বাড়ির প্রশ্ন কমিয়েছেন। ক্লাসে অনুশীলন বাড়িয়ে তিনি সরাসরি দেখেন, শিক্ষার্থীরা কীভাবে অঙ্ক কষছে।
শিকাগো শহরতলীর শিক্ষক রেক্স ওভাল শিক্ষাবর্ষের প্রায় ৯০ শতাংশ দিন ল্যাপটপ বন্ধ রাখেন। নিউ ইয়র্ক শহরতলীর শিক্ষিকা মেগান হাইল্যান্ড জানান, কিছু শিক্ষার্থী ফোনে এআই ব্যবহারের জন্য বাথরুমে যাচ্ছিল। তাই এখন বাথরুমে যাওয়ার সময় ফোন জমা রাখতে হয়।
অন্য শিক্ষকরা এআইকে সহায়ক হিসেবে নিচ্ছেন। সমাজবিজ্ঞানের শিক্ষক মাইকেল জাগারি বড় নিবন্ধ সংক্ষিপ্ত করতে এআই ব্যবহার করেন।
গবেষণার ফল মিশ্র। ২০২৫ সালে হার্ভার্ডের এক গবেষণায় এআই টিউটর ব্যবহারে শেখার মান বেড়েছে বলে দেখা যায়। একই বছর এমআইটি মিডিয়া ল্যাবের ছোট এক সমীক্ষায় দেখা যায়, চ্যাটজিপিটিতে রচনা লেখা শিক্ষার্থীদের চিন্তার প্রতিফলন কম।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন