Advertise top
প্রযুক্তি

যে ভুলে গায়েব হতে পারে ল্যাপটপের সব ফাইল

বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম    

যে ভুলে গায়েব হতে পারে ল্যাপটপের সব ফাইল
বিরক্ত হয়ে অনেকেই পাওয়ার বাটন চেপে ল্যাপটপ অফ করেন। বরিশাল নিউজ ডটকম গ্রাফিক্স

পাওয়ার বাটন চার সেকেন্ড চেপে ধরলে হার্ডওয়্যার সরাসরি বিদ্যুৎ কেটে দেয়। অপারেটিং সিস্টেম তখন ডেটা সেভ করার সুযোগ পায় না।

 

ল্যাপটপ হ্যাং হলে অনেকেই বিরক্ত হয়ে পাওয়ার বাটন চেপে ধরেন। এতে স্ক্রিন বন্ধ হয়, কিন্তু ভেতরের কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে।

 

কেন হারায় কাজ

কিবোর্ডে টাইপ করা লেখা প্রথমে র‍্যামে জমা হয়। র‍্যাম অস্থায়ী মেমোরি, বিদ্যুৎ গেলে তা মুছে যায়। সেভ করার পরও ফাইল সঙ্গে সঙ্গে ডিস্কে যায় না। অপারেটিং সিস্টেম আগে তা রাইট ক্যাশে রাখে, পরে ডিস্কে লেখে। লিনাক্সে এই বিলম্ব ডিফল্টভাবে পাঁচ সেকেন্ড।

 

নিয়ম মেনে শাটডাউন দিলে অপারেটিং সিস্টেম সব প্রোগ্রাম বন্ধ করে। ক্যাশের তথ্য ডিস্কে লিখে ফেলে। এসএসডিকেও বিদ্যুৎ কাটার আগে কাজ গুছিয়ে নিতে বলে।

 

হার্ডওয়্যারের ওভাররাইড

পাওয়ার বাটন সাধারণ সুইচ নয়, কিবোর্ডের মতোই একটি ইনপুট। হালকা চাপে অপারেটিং সিস্টেমের কাছে সংকেত যায়। ইন্টেলের ডেটাশিট অনুযায়ী অন্তত চার সেকেন্ড ধরে রাখলে হার্ডওয়্যার নিজেই বিদ্যুৎ বন্ধ করে দেয়। তখন কারও অনুমতি চাওয়া হয় না। ফলে এটি প্লাগ টেনে খোলার মতোই।

 

ঝুঁকি কতটা

জার্নালিংয়ের কারণে ফাইল সিস্টেমের কাঠামো সাধারণত রক্ষা পায়। তবে ফাইলের ভেতরের তথ্য অর্ধেক নষ্ট হতে পারে। রাইট ক্যাশের তথ্য পুরোপুরি হারিয়ে যায়।

 

সায়েন্স এবিসির উল্লেখ করা এক ল্যাব পরীক্ষায় ১৫টি এসএসডির বিদ্যুৎ হাজারবার হঠাৎ কাটা হয়। এর মধ্যে ১৩টিতে ডেটা নষ্টসহ নানা সমস্যা দেখা দেয়। একটি ড্রাইভ পুরোপুরি অচল হয়ে যায়।

 

করণীয়

সব উপায় ব্যর্থ হলে পাওয়ার বাটনই শেষ ভরসা। তার আগে অন্তত এক মিনিট অপেক্ষা করা ভালো। অনেক সময় কম্পিউটার নিজেই ঠিক হয়ে যায়। সিস্টেম আপডেট চলার সময় জোর করে বন্ধ করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal