Advertise top
বিদেশ

ডিভি লটারি পুনরায় চালুর বিষয়ে আদালতের নতুন সিদ্ধান্ত

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম    

ডিভি লটারি পুনরায় চালুর বিষয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। রূপক ছবি

যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত ডিভি লটারি পুনরায় চালুর আদেশ দিয়েছিল। সরকারের জরুরি আবেদনে আপিল আদালত সেই আদেশ আপাতত স্থগিত করেছে।

 

নবম মার্কিন সার্কিট কোর্ট অব অ্যাপিলসের তিন বিচারকের প্যানেল বৃহস্পতিবার, ২৯ অক্টোবর এ স্থগিতাদেশ দেন। ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিভি লটারির কার্যক্রম স্থগিত রাখতে পারবে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এ খবর জানিয়েছে।

 

আদালত পর্যবেক্ষণে বলেছে, লটারির নিবন্ধন শুরু না করায় পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে তারা সমর্থন করছে না। তবে মামলাকারী সংস্থা রেড ইগল পর্যাপ্ত যুক্তি-প্রমাণ দিতে পারেনি। সংস্থাটি আইনের সরাসরি সুবিধাভোগী না হওয়ায় মামলা করার আইনি অধিকারও তাদের নেই বলে আদালত উল্লেখ করেছে।

 

রেড ইগলের প্রধান কার্টিস মরিসন নিউজউইককে বলেন, পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা দ্রুত অন্য আইনি পদক্ষেপ নেবেন।

 

যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকদের জন্য এ কর্মসূচিতে প্রতি বছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ থাকে। ‘গ্রিন কার্ড লটারি’ নামে পরিচিত কর্মসূচিটি ১৯৯০ সালের ২৯ নভেম্বর ইমিগ্রেশন অ্যাক্টে স্বাক্ষরের মাধ্যমে চালু করেন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal