Advertise top
বিদেশ

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৮১ বিদেশি আটক

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম    

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৮১ বিদেশি আটক
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের গাড়ি। সংগৃহীত

বৈধ ভ্রমণ নথি না থাকা ও ভিসার মেয়াদ শেষের অভিযোগে কুয়ালালামপুরে ২০ বাংলাদেশিসহ ১৮১ বিদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ।

 

চৌ কিট মার্কেট এলাকার জালান রাজা বটে শনিবার, ৩১ অক্টোবর সকালে অভিযান শুরু হয়। অভিবাসন বিভাগ ৫১২ জন বিদেশির কাগজপত্র যাচাই করে। এর মধ্যে ১৮১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষের পরও অবস্থান এবং পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

 

আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার ১৪৭ জন, বাংলাদেশের ২০ জন, নেপালের পাঁচজন, ভারতের তিনজন ও পাকিস্তানের একজন রয়েছেন। অন্য দেশের আরও পাঁচজনও আছেন। আটকদের বুকিত জলিল অভিবাসন ডিপোতে নেওয়া হয়েছে। তবে বাংলাদেশিদের কারও পুরো পরিচয় জানা যায়নি।

 

অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) লোকমান এফেন্দি রামলি জানান, রাজা বট মার্কেট দেশটির ২২৪টি চিহ্নিত অভিবাসন ঝুঁকিপূর্ণ এলাকার একটি। গোয়েন্দা তথ্য সংগ্রহের পর এ বছর ওই এলাকায় এটি দ্বিতীয় অভিযান। আইন লঙ্ঘন চলতে থাকলে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

 

লোকমান এফেন্দি বলেন, “অভিবাসন আইন লঙ্ঘনের দায় শুধু বিদেশি নাগরিকদের নয়, অবৈধভাবে কর্মী নিয়োগকারী মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে স্থানীয়রাও আইনের আওতায় আসতে পারেন বলে সতর্ক করেন তিনি। বৈধভাবে বসবাসরত বিদেশিদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও জানান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal