বরিশাল নিউজ
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বরিশালে জাতীয় যুব দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার, ১ নভেম্বর নগরীতে র্যালি, বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও আলোচনা সভা হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যুব সংগঠনের প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মামুন খন্দকার। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান।
বিভাগীয় কমিশনার বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। জাতীয় উন্নয়নে তরুণদের দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল করে গড়ার বিকল্প নেই। এ জন্য পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ কাজে লাগাতে হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, তরুণদের মেধা কাজে লাগাতে আত্মকর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়াতে হবে। বিশেষ অতিথিরা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে যুক্ত করার আহ্বান জানান। বক্তারা বেকারত্ব দূর করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওবায়দুল হক চানসহ ব্যবসায়ী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন