বরিশাল নিউজ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

সন্ধান না পেয়ে বরিশালে ১৪ বছরের এক কিশোরের মা থানায় জিডি করেছেন। বিভাগে চলতি বছরের প্রথম সাত মাসে নিখোঁজ ১৬৮৯ শিশু-কিশোর।
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের একটি ঈদগাহ মাঠ থেকে রেদোয়ান রহমান (রুমান) নামের ১৪ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। জিডির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর রাত ১১টার দিকে কে.বি. হেমায়েত উদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা বিভিন্ন স্থানে এবং আত্মীয়-পরিচিতদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। তাই শুক্রবার, ৩০ অক্টোবর মা মোসা. রেমিজা বেগম কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। জিডিটি ২২৯৫ নম্বরে নথিভুক্ত হয়েছে। থানার ওসি মো. মনিরুল ইসলাম আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জিডিতে কিশোরের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বলা হয়েছে। সন্ধান পেলে ০১৭২৮৩২৯২৬০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে পরিবার।
এ ধরনের ঘটনা বিভাগে নতুন নয়। বরিশাল রেঞ্জ পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ছয় জেলায় ১৬৮৯ শিশু ও কিশোর-কিশোরী নিখোঁজ হয়েছে। সবচেয়ে বেশি নিখোঁজ পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায়।
পুলিশ ২১টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে ১০৭৮ জন প্রেমের টানে ঘর ছেড়েছে। পরিবারের সঙ্গে মনোমালিন্যে ঘর ছেড়েছে ১৬৭ জন।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, এত অল্প বয়সে নিখোঁজ হওয়ায় পুলিশ উদ্বিগ্ন। তার মতে, এসব শিশুকে মানব পাচারসহ অন্য কোনো খারাপ পেশায় জড়ানো হতে পারে। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমও বড় ভূমিকা রাখছে বলে তিনি মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন