Advertise top
বরিশাল জেলা

মান্তাদের জন্য বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম    

মান্তাদের জন্য বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান
নির্ধারিত স্থানে কর্মকর্তাদের সাথে মান্তা সম্প্রদায়ের মানুষ। বরিশাল নিউজ ডটকম

দাফনের জায়গা না থাকায় বছরের পর বছর দুর্ভোগে ছিল নদীতে বসবাসকারী মান্তা সম্প্রদায়। এবার তাদের জন্য সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে।

 

বরিশাল সদর উপজেলার সিংহেরকাঠী আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন খাসজমিতে প্রায় এক একর জায়গায় কবরস্থানটি তৈরি হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কাজে সহযোগিতা করছে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ।

 

লাহারহাট, চরবাড়িয়াসহ আশপাশের নদীতে মান্তারা অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে নৌকায় থাকেন। মাছ ধরেই চলে তাদের জীবিকা। অনেকের স্থায়ী বসতভিটা নেই। দাফনের জন্য কোনো নির্দিষ্ট জায়গাও ছিল না।

 

মান্তা সম্প্রদায়ের সরদার জসিম সর্দার ও জাকির হোসেন বলেন, ‘পরিবারের কেউ মারা গেলে কোথায় দাফন করব, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়তে হতো। অনেক সময় অন্যের জমির ওপর নির্ভর করতে হয়েছে।’ কবরস্থান চালু হলে স্বজনদের সম্মানের সঙ্গে দাফন করা যাবে বলে তারা আশা করছেন।

 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা জানান, কবরস্থানের কাজ চলছে। দ্রুত এটি উদ্বোধন করা যাবে বলে আশা করছেন তিনি। মান্তা ছাড়াও ছিন্নমূল যেকোনো মানুষ কবরস্থানটি ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal