বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা,শের ই বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালন করছে বরিশালের বিভিন্ন সংগঠন।১৮৭৩ সালের ২৬ অক্টোবর নানা বাড়ী তৎকালীন বাকেরগঞ্জ বর্তমান ঝালকাঠি জেলার সাতুরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা ও সাহিত্য-সংস্কৃতির নিবিড় পৃষ্ঠপোষক শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘সাহিত্য সম্মেলন ২০২৬।” বাংলাদেশ সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে শুক্রবার,৩০ অক্টোবর সকাল ৯টায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক জোট, বরিশালের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর।
সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার। এ পর্বে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ, বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।
এদিকে সম্মেলনে ‘শেরেবাংলা স্মৃতিপদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোসলেম উদ্দিন শিকদার।
আজ শুক্রবার, ৩০ অক্টোবর বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণবঙ্গীয় সাহিত্য সম্মেলন ।
বরিশাল বিশ্ববিদ্যালয়
এরআগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শেরেবাংলা হলের উদ্যোগে ২৬ অক্টোবর বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ে শেরেবাংলার সততা ও নিবেদিত রাজনৈতিক দর্শনের ওপর আলোকপাত করেন।
স্মৃতি সংরক্ষণের দাবি
জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিকদের পক্ষ থেকে শেরেবাংলার স্মৃতিবিজড়িত স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কারের দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন