Advertise top
বরিশাল

নিষেধাজ্ঞার শেষ দিনে হিজলায় গুলিতে প্রাণ গেল ১ জেলের

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম       

নিষেধাজ্ঞার শেষ দিনে গুলিতে প্রাণ গেল ১ জেলের
গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে আকতার হোসেন। ছবি-বরিশাল নিউজ ডটকম

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জেলে আকতার হোসেন।ওই গুলিবর্ষনের অভিযোগ উঠেছে চাঁদপুর নৌপুলিশ ও কোস্টগার্ডের বিরুদ্ধে।

 

এই ঘটনায় নিহত জেলের সঙ্গে থাকা আরো পাঁচ জেলে আহত অবস্থায় পালিয়ে বেঁচেছেন। আজ বৃহস্পতিবার,২৯ অক্টোবর ভোর চারটার দিকে হিজলার ওরাকুল মাঝঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুপুর ২টা পর্যন্ত জেলের মরদেহ হিজলা উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল।

 

স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, গুলিবিদ্ধ জেলে আকতার হোসেনকে সকাল ৬টার দিকে হিজলা উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় স্বজনরা তাকে বরিশাল নিয়ে যাওয়ার পথে আকতার মারা যান।স্বজনরা আবার তাকে উপজেলা হাসপাতালে ফেরত আনেন।ডাক্তার তখন তাকে মৃত ঘোষণা করেন।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান বরিশাল নিউজকে বলেন, বিকাল সোয়া ৩টার  দিকে  ময়নাতদন্তের জন্য জেলে আকতারের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।  

তিনি আরো জানান,তাদের ট্রলারে৭/৮ জন জেলে ছিলেন। আকতার হোসেন মেমোনিয়া ইউনিয়নের সুলতান হাওরাদারের ছেলে। একই এলাকার বাসিন্দা আহত আবদুল ব্যাপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে, “কারা এর সাথে জড়িত তা পরে জানা যাবে।”

 

হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান বরিশাল নিউজকে বলেন,“আমরা রাতে অভিযানে বের হইনি।এছাড়া নৌ পুলিশ এবং কোস্টগার্ড অভিযানে গেলে আমাদের সাথে নিয়ে যায়। তারা আলাদাভাবে অভিযানে গিয়েছে, এমন খবর আমারা পাইনি ।”

 

জেলেদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক এবং হিজলা মৎস্য অফিস জানায়, প্রায়ই চাঁদপুর থেকে নৌপুলিশ ও কোস্ট গার্ড অভিযানের সময় হিজলা উপজেলার ভিতরে ঢুকে পড়ে এবং জেলেদের মারধর করে ধরে নিয়ে যায়। গতরাতের ঘটনাটিও ছিল একইরকম। তারা অভিযানের সময় প্রায় ২০ কিলোমিটার হিজলার ভিতরে প্রবেশ করে ।   

 

উল্লেখ্য গত ৮ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আজ  ২৯ অক্টোবর মধ্য রাতে শেষ হওয়ার কথা রয়েছে।এই ২২ দিনে নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal