Advertise top
আদালত-অপরাধ

ইলিশ নিষেধাজ্ঞা; মেঘনায় আটক ২১ জেলে

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম    

ইলিশ নিষেধাজ্ঞা; মেঘনায় আটক ২১ জেলে
নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান। বরিশাল নিউজ ডটকম

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা ভেঙে মেঘনায় মাছ ধরায় ভোলার তজুমদ্দিনে ২১ জেলে আটক হয়েছেন। এরমধ্যে ১৮ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

ভোলার তজুমদ্দিন উপজেলার মহিষখালী মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে রবিবার, ২৫ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে (২৪ অক্টোবর দিবাগত রাত) অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন।

 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার মধ্যে নদীতে মাছ শিকারের খবর পেয়ে প্রশাসন অভিযানে নামে। সেখানে হাতেনাতে আটক হন ২১ জেলে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সবাই তজুমদ্দিন উপজেলার বাসিন্দা।

 

আটক অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযানে তিনটি ট্রলার ও অবৈধ জাল জব্দ করা হয়। জালগুলো শশীগঞ্জ মৎস্যঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ট্রলারগুলো এখন উপজেলা মৎস্য অফিসের হেফাজতে আছে।

 

বনি আমিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার চালিয়ে গেলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal