বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতির মধ্যে পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুতায়িত হয়ে জেলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।
বরগুনার পাথরঘাটার বাদুরতলা খালে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনসার খানের মালিকানাধীন এফবি সিমা-৩ ট্রলারে কাজ করছিলেন দেলোয়ার (৫০) ও বাচ্চু (৫০)। খালপাড়ের একটি ঘর থেকে সাবমারসিবল পাম্পের জন্য বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল।
কাজের সময় বিদ্যুতের তারে জড়িয়ে দেলোয়ার পানিতে পড়ে যান। একই ঘটনায় আহত হন বাচ্চু। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন। বাচ্চুকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাতে সাগরে যাওয়ার কথা ছিল। দেলোয়ার বরিশাল সদরের চরমোনাই গ্রামের জয়নাল খলিফার ছেলে। তিন মাস আগে তিনি পাথরঘাটায় এসে ট্রলারে শ্রমিকের কাজ শুরু করেন। ট্রলারের মাঝি জয়নাল হোসেন জানান, দাদন নিয়ে তিনি কাজ করছিলেন।
পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম বলেন, মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন