Advertise top
বরগুনা

বরগুনায় জলবায়ু সহনশীলতায় ‘রেসকোস্ট’

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম    

বরগুনায় জলবায়ু সহনশীলতায় ‘রেসকোস্ট’
বরগুনায় ‘রেসকোস্ট’ প্রকল্পের সূচনা কর্মশালা। বরিশাল নিউজ ডটকম

বরগুনায় উপকূলীয় ১ হাজার ৮১৫ পরিবারকে জলবায়ু সহনশীল জীবিকায় সহায়তা দিতে ‘রেসকোস্ট’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের অংশীদারত্বে বরগুনা সদর উপজেলায় বুধবার, ২৮ অক্টোবর প্রকল্পের সূচনা কর্মশালা হয়। প্রকল্পের পূর্ণ নাম ‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট, এনভায়রনমেন্ট সাসটেইনেবল কোস্টাল কমিউনিটিজ’।

 

প্রকল্পে বরগুনার ছয়টি জলবায়ু সহনশীল গ্রামের ঝুঁকিপূর্ণ পরিবার সরাসরি সহায়তা পাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কৃষিভিত্তিক সিএসআর কার্যক্রমের আওতায় এতে অর্থায়ন হচ্ছে। যুব নারী ও ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। সভাপতিত্ব করেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) পরিচালক মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বীথি দেবনাথ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। আরও ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান ও সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন ভূঁঞা।

 

শাহ আজিজ বলেন, জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়া কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। তার মতে, এর জন্য সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বয় দরকার।

 

প্রকল্পের কার্যক্রমের মধ্যে আছে জলবায়ু সহনশীল কৃষি, টেকসই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, যুব নেতৃত্বের বিকাশ এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি। বিশেষ অতিথিরা প্রকল্পকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal