বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ভোট নেবে ইসি। আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারিও দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হয়েছে। আইন অনুযায়ী ২০২৭ সালের ২৭ মের মধ্যে এসব পরিষদের ভোট শেষ করতে হবে। প্রতি ধাপে ৮০০ থেকে ১ হাজার ইউনিয়নে ভোট হতে পারে।
ইসির সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট হবে। যথাক্রমে ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপে ভোট হবে। ভোটের ৪২ থেকে ৪৫ দিন আগে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তার ভাষ্য, “এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
বিধিমালা অনুযায়ী, ভোটারকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভয় দেখানো বা নির্বাচনী দায়িত্ব পালনে বাধা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। তদন্তে প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল এবং অনিয়মে প্রভাবিত কেন্দ্রের ফল স্থগিত বা ভোট বাতিল করতে পারবে ইসি।
সিইসি আরও জানান, নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ। এই বিধান ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন