Advertise top
বরিশাল

মে পর্যন্ত পেছাতে পারে ভোট; স্থবিরতার শঙ্কায় বরিশালের দেড়শ ইউপি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম    

মে পর্যন্ত পেছাতে পারে ভোট; স্থবিরতার শঙ্কায় বরিশালের দেড়শ ইউপি
চরবাড়িয়া ইউপিতে ২০২৪ সালের পরে প্রশাসকও নেই, চেয়ারম্যানও আত্মগোপনে। ছবি: বরিশাল নিউজ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবছরের নভেম্বরের বদলে আগামী বছরের মে মাসে করার পরিকল্পনা করছে সরকার। এতে মেয়াদ শেষ হওয়া বরিশাল বিভাগের প্রায় ১৫০টি ইউপিতে স্থবিরতার আশঙ্কা করা হচ্ছে।

 

নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর কথা বললেও সরকারসংশ্লিষ্ট সূত্র বলছে, বাস্তবে আগামী বছরের মে মাসের আগে ভোট হচ্ছে না। এ নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে অনুষ্ঠিত হচ্ছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা নিজেদের মতামত জানাবেন।

 

বরিশালে মেয়াদোত্তীর্ণ ইউপির সংখ্যা

বরিশাল বিভাগে মেয়াদ শেষ হওয়া ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় ১৫০টি, যার মধ্যে বরিশাল জেলাতেই রয়েছে ৫০টি। আওয়ামী লীগ আমলে ২০২১ সালে দেশের ২০৪টি ইউপিতে ভোট হয়। যার অধিকাংশই ছিলো বরিশাল বিভাগের। চলতি বছরের জুনেই এসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ফুরিয়ে গেছে। এর মধ্যে মাত্র ১৯টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিয়ে নিয়মিত কাজ চালানো হচ্ছে।

 

স্থবিরতার শঙ্কা

প্রশাসক নিয়োগ না হওয়া ইউনিয়নগুলোতে প্রশাসনিক স্থবিরতা তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, ২০২৪ সালের পটপরিবর্তনের পর অনেক নির্বাচিত জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এসব এলাকার বাসিন্দারা সেবা পেতে বিলম্ব ও হয়রানির ঝুঁকিতে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

 

স্থানীয়দের ভাষ্য, তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিরা সরকারি সেবা ছাড়াও পারিবারিক ও সামাজিক নানা সমস্যা সমাধানে ভূমিকা রাখেন। বেতনভুক্ত সরকারি কর্মকর্তাদের পক্ষে এ ধরনের ভূমিকা পালন করা সম্ভব নয় বলে মনে করছেন তাঁরা।

 

নির্বাচনের সম্ভাব্য সময়সূচি

ইসি প্রাথমিকভাবে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা করেছিল, যার প্রথম ধাপ ১২ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা, রমজান ও এসএসসি পরীক্ষার সময়সূচির কারণে চলতি বছরে ভোট আয়োজনের সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে। সভায় সবার মতামত পাওয়ার পর ভোটের সময় নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তিনি জানান। পরে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ব্যাখ্যা দেন, তারিখগুলো একেবারেই প্রাথমিক। মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়ার পর কমিশন সময়সূচি চূড়ান্ত করবে বলে তিনি জানান।

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নানা অজুহাতে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার প্রবণতা তৈরি হচ্ছে। তিনি দ্রুত সময়বদ্ধ নির্বাচনী রূপরেখা ঘোষণার দাবি জানান।

 

সূত্র: প্রথম আলো


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal