বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

সরকারি সহায়তা সরাসরি পৌঁছাতে কৃষকদের তথ্যভান্ডার গড়া হচ্ছে। এ পর্যন্ত ১৯ লাখ ২৫ হাজার কৃষকের তথ্য সংগ্রহ হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, আগামী চার বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৪৩ লাখ কৃষক। প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান জানান, কার্ডধারী কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ, সেচ, সার, বীজ, প্রণোদনা, কৃষি বীমা, আবহাওয়ার তথ্য ও বালাইনাশক পরামর্শসহ ১০ ধরনের সুবিধা পাবেন।
কর্মসূচির প্রাক-পাইলটিং চলে মার্চ থেকে জুন পর্যন্ত। আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলায় ২০ হাজার ৮৩২ কৃষককে কার্ড দেওয়া হয়। এর মধ্যে ২০ হাজার ৪৮০ জন জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা পান। মোট বিতরণ হয় ৫ কোটি ১২ লাখ টাকা।
কর্মসূচির সম্প্রসারণ শুরু হয় ১ অক্টোবর ৫৬ জেলার ৭৭টি উপজেলায়। এ পর্যায়ে ১ লাখ ১০ হাজার ১৬৫ কৃষককে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফেনীর ছয়টি উপজেলার ৭ হাজার ৬৪৩ কৃষক রয়েছেন।
এখন পর্যন্ত ১ হাজার ৬৮১টি কৃষি ব্লকে তথ্য সংগ্রহ হয়েছে। কার্ডসংক্রান্ত ব্যাংক হিসাব খোলা হয়েছে নয় লাখ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন