Advertise top
আদালত-অপরাধ

জুলাই মামলা; হানিফের মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম    

জুলাই মামলা; হানিফের মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ । সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার চার আসামিই পলাতক।

 

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর রায় ঘোষণা করে। বেঞ্চের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। হানিফ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

একই মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

 

রায়ে সাজাপ্রাপ্ত সবার স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই আন্দোলনের নিহত ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে।

 

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ জুলাই হানিফের নির্দেশে কুষ্টিয়ায় বৈঠক হয়। সেখানে আন্দোলন দমনে বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়। ৫ আগস্ট কুষ্টিয়া শহরে গুলিতে আশরাফুল ইসলাম, সুরুজ আলী, আবদুল্লাহ আল মুস্তাকিন, মো. উসামা, বাবুল ফরাজী ও ইউসুফ শেখ নিহত হন।

 

২০২৫ সালের ৬ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। গত ২৩ এপ্রিল ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal