বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

নতুন একটি মুচলেকায় সই করার পর জামিনে মুক্ত হলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকে। শনিবার, ১৭ অক্টোবর দিল্লি পুলিশ তাকে মুক্তি দিয়েছে।
মূলত দিল্লির ব্যস্ত এলাকা কনট প্লেসে ‘তেরঙ্গা যাত্রা’ বা জাতীয় পতাকা নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করেছিলেন অভিজিৎ। কিন্তু সেখানে ১৬৩ ধারা জারি থাকায় এবং তীব্র যানজট ও উৎসবের মুখে ব্যবসার ক্ষতির আশঙ্কায় পুলিশ তাকে আটকে দেয়। পুলিশের তরফ থেকে বলা হয়, এত ব্যস্ত একটি জায়গায় হুট করে লোক জড়ো হলে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হবে।
এরপরেও কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ঝান্ডেওয়ালানে নিজ বাসভবনের কাছ থেকে অভিজিৎ দীপকে আটক করে পুলিশ। গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দরে আটক হয়ে তিনি এক বছরের জন্য শান্তি বজায় রাখার একটি অঙ্গীকারনামায় সই করেছিলেন। পুলিশ দাবি করে, শুক্রবারের আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করে তিনি সেই মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন।
পরবর্তী সময়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় বিশেষ প্রশাসনিক ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে তাকে হাজির করা হয়। সেখানে সিজিপির আইনি বিষয়াবলির প্রধান রত্না সিং এই গ্রেফতারির চরম বিরোধিতা করেন এবং এটিকে মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা ওড়ানোর আহ্বান জানানো কীভাবে অপরাধ হতে পারে? শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষ জামিন দিলে নতুন একটি মুচলেকায় সই করে মুক্তি পান অভিজিৎ।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ কর্মসূচির (এসআইআর) বিরুদ্ধে দিল্লির বিভিন্ন স্থানে বিরোধীদের বিক্ষোভ চলছিল। সেন্ট্রাল দিল্লি এলাকায় কঠোর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালায়। এই ঘটনায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাসহ প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। নেহা বোরাকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হলেও সিজিপির নেতাকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ বেশ কয়েকজন এখনো পুলিশি হেফাজতে রয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন