বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

তথ্য কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ড.নাহরিন ইসলাম খান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেককে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে এ পদটি ফাঁকা ছিল।
নাহরিন ইসলামকে প্রধান তথ্য কমিশনার করার পাশাপাশি নিয়ম অনুযায়ী দুজন তথ্য কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।
এই দুই কমিশনার হলেন ইউএনবির সাবেক সম্পাদক এসএএম মাহফুজুর রহমান ও দিনকালের সহকারী সম্পাদক খান মোহাম্মদ আবুল হোসেন। এর মধ্যে মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের পদ থেকে সরিয়ে এ পদ দেওয়া হয়।
এ নিয়োগ দিয়ে শনিবার, ১৭ অক্টোবর উপসচিব খাদিজা তাহেরা ববির সই করা প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রধান তথ্য কমিশনার হিসেবে তাঁর পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
যাত্রা শুরুর প্রায় দেড় যুগের মাথায় প্রথমবারের মতো কোনো নারীকে প্রধান হিসেবে পেল তথ্য কমিশন।
এর আগে তথ্য কমিশনে ছয়জন প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আটজন ছিলেন তথ্য কমিশনার পদে।
এরমধ্যে চারজন নারী তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও প্রধান হিসেবে নারী পেল এবারই প্রথম।
উল্লেখ্য, অধ্যাপক নাহরিন ইসলাম খান দুই দশকের বেশি সময় ধরে গবেষণা, শিক্ষকতা ও নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির মারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ নীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এ ছাড়া অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজে ডিপ্লোমা অর্জন করেন তিনি।
বর্তমানে তিনি মাধ্যমিক শিক্ষাক্রমের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উন্নয়ন ও সম্পাদনার কাজে যুক্ত রয়েছেন। পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘হিট’ প্রকল্পের জাতীয় বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌন হয়রানি ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
এছাড়াও আন্তর্জাতিক পর্যায়েও গবেষণা ও নীতিবিষয়ক কাজে যুক্ত রয়েছেন অধ্যাপক নাহরিন। তিনি কানাডাভিত্তিক গবেষণা সংস্থা ‘কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট’ (সিআরআরআইসি)-এর পরিচালক। এ ছাড়া বৈশ্বিক পরিবেশগত ন্যায়বিচারবিষয়ক প্রকল্প ‘রুলস অব ল অন আর্থ’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রে অনুষ্ঠান প্রযোজনা, উপস্থাপনা ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন