বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম

ফ্লাইট কমানোর প্রতিবাদে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদ।
পরিষদের নেতারা বুধবার, ১৪ অক্টোবর দুপুরে বরিশাল বিভাগীয় সচিবালয়ে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমদের হাতে স্মারকলিপি তুলে দেন। কমিশনারের মাধ্যমে এটি মন্ত্রীর কাছে পাঠানো হবে।
বর্তমানে ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট চালায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শীতকালীন সূচিতে রবিবার, ২৫ অক্টোবর থেকে সপ্তাহে দুই দিন ফ্লাইট চালানোর সূচি দেওয়া হয়েছে। পরিষদ এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, বরিশাল সেক্টরে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট চালু করতে হবে।
পরিষদের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন অভিযোগ করেন, বিমানের কিছু স্বার্থান্বেষী মহল বরিশাল সেক্টরে ফ্লাইট বন্ধের চেষ্টা করছে। তার দাবি, এরই ধারাবাহিকতায় ফ্লাইট তিন দিন থেকে কমিয়ে দুই দিন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দাবি না মানলে নিয়মতান্ত্রিক বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন রাজন।
স্মারকলিপিতে যশোর-বরিশাল-চট্টগ্রাম রুটেও সপ্তাহে অন্তত দুই দিন ফ্লাইট চালুর দাবি জানানো হয়েছে। পরিষদের ভাষ্য, এতে তিন উপকূলীয় বিভাগের অন্তত ২০টি জেলা আকাশপথে জরুরি যোগাযোগের আওতায় আসবে। তিন সমুদ্রবন্দর ও দুই প্রধান স্থলবন্দরের সঙ্গেও যোগাযোগ সহজ হবে বলে স্মারকলিপিতে উল্লেখ আছে।
পরিষদ আরও বলেছে, মানুষ বিমানে চড়ার জন্য ঢাকায় যায় না। ঢাকায় যাওয়ার প্রয়োজনেই তারা বিমান ব্যবহার করে। তাই যাত্রীচাহিদা বিবেচনায় নিয়মিত ফ্লাইট অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপির তথ্য অনুযায়ী, ১৯৯৩ সালের ৩ ডিসেম্বর বরিশাল বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চালু হয়। নতুন উড়োজাহাজ নিয়ে ২০২১ সালের ২৬ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট শুরু হয়। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে তা কমিয়ে সপ্তাহে তিন দিন করা হয়। পরে বরিশাল মহানগর থেকে ১৫ কিলোমিটার দূরের বিমানবন্দরে যাত্রী পৌঁছে দেওয়ার বাসসেবাও বন্ধ করা হয় বলে স্মারকলিপিতে বলা হয়েছে।
স্মারকলিপি গ্রহণের পর খলিল আহমদ জানান, বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের একমাত্র বিমানবন্দর হিসেবে বরিশালের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের নিয়মিত আকাশপথের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন