বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষাক্রমে সমন্বয় আনতে ২০২৮ সাল থেকে বড় পরিবর্তনের কাজ শুরু করেছে এনসিটিবি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন অধ্যাপককে নিয়ে কমিটি করেছে। এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্য রয়েছে। সব শ্রেণিতে একসঙ্গে, নাকি ধাপে ধাপে নতুন শিক্ষাক্রম চালু হবে, তা এখনো ঠিক হয়নি।
এনসিটিবি সূত্র জানিয়েছে, সরকারের কাছে দুটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। প্রথমটি, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নবম শ্রেণি থেকে হবে, নাকি একাদশ থেকে। দ্বিতীয়টি, সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় কীভাবে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার মান বাড়ানো এবং প্রাথমিকের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সমন্বয় নিশ্চিত করা হবে। এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থীরা ছয়টি বই পড়ে। ষষ্ঠ শ্রেণিতে গিয়ে তাদের হাতে ১৩টি বই আসে।
আগামী জানুয়ারিতে শুরু হওয়া শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিকের ৯৯টি ও প্রাথমিকের ৩৬টি বই পরিমার্জন করা হয়েছে। চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। ষষ্ঠ শ্রেণিতে আসছে ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। এসব পরিবর্তন শুধু আগামী শিক্ষাবর্ষের জন্য।
ইতিহাসের বইয়ে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা যুক্ত হচ্ছে। যুক্ত হচ্ছে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকাও। স্বাধীনতার ঘোষণা-সম্পর্কিত বর্ণনায়ও পরিবর্তন আনা হচ্ছে।
এনসিটিবি রবিবার, ২৯ নভেম্বর বিকালে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপের আয়োজন করেছে। সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক এ কে এম শওকত আলী খান আশা করছেন, শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন