Advertise top
প্রযুক্তি

ফেসবুকের কনটেন্ট দেশেই সংরক্ষণের প্রস্তাব

বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম    

ফেসবুকের কনটেন্ট দেশেই সংরক্ষণের প্রস্তাব
মেটা ও তার অধীনে কোম্পানিগুলো বাংলাদেশে অবকাঠামো গড়তে চায়। বরিশাল নিউজ ডটকম গ্রাফিক্স

ডেটা আদান-প্রদানে বিলম্ব কমাতে বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক বসাতে চায় মেটা। এ জন্য বিটিআরসির কাছে লিখিত অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।

 

মেটার পক্ষে এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়েছে। চিঠিতে তিনটি বিষয়ে অনুমোদন চাওয়া হয়েছে। প্রস্তাবে আছে, প্রচলিত টেলিযোগাযোগ লাইসেন্স ছাড়াই স্থানীয় অংশীদারদের মাধ্যমে পয়েন্ট অব প্রেজেন্স (পপ) বসানো হবে। সঙ্গে চাওয়া হয়েছে মেটার আন্তর্জাতিক ব্যাকবোনের সরাসরি সংযোগ। স্থানীয় অপারেটরদের সঙ্গে বিনা মাশুলে ডেটা আদান-প্রদানের অনুমতিও চাওয়া হয়েছে।

 

মেটার দাবি, এতে বিলম্ব কমবে এবং নেটওয়ার্ক স্থিতিশীল হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরো খাতের জন্য লাইসেন্স অব্যাহতি চাওয়া হচ্ছে না। বিনিয়োগের পরিমাণ, স্থান বা সময়সীমা চিঠিতে উল্লেখ নেই।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রস্তাবটি ইতিবাচকভাবে দেখছেন বলে জানান। তার মতে, কনটেন্ট দেশে সংরক্ষণ হলে অন্য দেশের ইন্টারনেট ট্রাফিকের ওপর নির্ভরতা কমবে।

 

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ ১১ হাজার ৬৫৩ দশমিক ৬৮ জিবিপিএস আন্তর্জাতিক ব্যান্ডউইডথ আমদানি করেছে। খাতসংশ্লিষ্টদের হিসাবে এর প্রায় এক-চতুর্থাংশ মেটার প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়। নেপোলিয়নক্যাটের হিসাবে অক্টোবর পর্যন্ত দেশে ফেসবুক ব্যবহারকারী সাত কোটি ৭১ লাখের মতো।

 

প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, মেটার নিজস্ব পপ হলে ব্যান্ডউইডথ আমদানির খরচের বড় অংশ সাশ্রয় হতে পারে। প্রতিষ্ঠানটি শুধু নিজেদের কনটেন্ট সরবরাহে সীমিত থাকলে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে বৈষম্যের প্রশ্ন আসবে না বলেও মত দেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal