বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

তৃণমূলে উন্নয়ন তদারকি ও বিরোধ মীমাংসায় ওয়ার্ডভিত্তিক গ্রাম সরকার চালুর খসড়া তৈরি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর আইন আকারে পাসের জন্য সংসদে যাবে। গত মাসে মতামতের জন্য খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।
আইন হলে সারা দেশে চার হাজার ৫৬৮টি ইউনিয়নের ৪১ হাজার ১১২টি ওয়ার্ডে গ্রাম সরকার গঠিত হবে। প্রতিটি হবে ১৭ সদস্যের। ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হবেন প্রধান। সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য থাকবেন উপদেষ্টা। বাকি ১৫ জনের মধ্যে কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ থাকবেন। মেয়াদ হবে পাঁচ বছর।
খসড়া অনুযায়ী গ্রাম সরকার রাস্তা ও কালভার্টের পরিকল্পনা করবে। চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবে। অপরাধ প্রতিরোধ ও স্থানীয় বিরোধ মীমাংসায়ও ভূমিকা রাখবে।
গ্রাম সরকারের ধারণা নতুন নয়। জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ সালে ‘স্বনির্ভর গ্রাম সরকার’ চালু হয়েছিল। এরশাদের সামরিক সরকারের আমলে ১৯৮২ সালে তা বিলুপ্ত হয়। ২০০৩ সালের গ্রাম সরকার আইনটি হাইকোর্ট ২০০৫ সালের ২ আগস্ট অসাংবিধানিক ঘোষণা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নেতৃত্ব নির্বাচিত প্রতিনিধির হাতে থাকছে, মনোনীত কারও হাতে নয়। তবে সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণ বলে মত দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদের মতে, নতুন স্তর না করে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা বেশি কার্যকর হতো।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন