Advertise top
রাজনীতি

সরকারের ‘লাঠিয়াল’ হবে না জামায়াত: আমির

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম    

সরকারের ‘লাঠিয়াল’ হবে না জামায়াত: আমির
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির । সংগৃহীত

সরকারের ‘অপকর্মের দায়’ নিতে রাজি নয় জামায়াত। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, বিরোধী দল সরকারের লাঠিয়াল হবে না।

 

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জাতীয় প্রেসক্লাবে রবিবার, ২৯ নভেম্বর এ কথা বলেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

 

শফিকুর রহমানের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে এবং তাদের সুবিধা দিচ্ছে। তার মতে, এ অবস্থান থেকে না সরলে জাতীয় ঐক্য সম্ভব নয়।

 

তিনি বলেন, ক্ষমতা ধরে রেখে বিরোধী দলকে পাহারাদার বা লাঠিয়ালের ভূমিকায় নামানো যাবে না। জামায়াত আমিরের ভাষ্য, ‘বিরোধী দল এত বোকা নয়।’

 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গও তোলেন তিনি। শফিকুর রহমান জানান, সংসদের আগের অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী তাকে চায়ে আমন্ত্রণ জানান। সেখানে প্রায় ১৫ মিনিট কথা হয়। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন।’

 

জামায়াত আমিরের দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়াই ঐক্যের পূর্বশর্ত। সরকার ৭০ শতাংশ ভোটের গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দিলে সব আন্তরিক সহযোগিতা মিলবে বলে জানান তিনি। এর বাইরে কোনো ঐক্য বা সহযোগিতার সুযোগ নেই।

 

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, দখল বাণিজ্য ও দুর্নীতি চলছে। এসব অভিযোগ নিয়ে সরকারের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal