বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

পণ্য কেনার আগে মানচিহ্ন, মোড়ক ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমদ।
বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে বুধবার, ১৪ অক্টোবর জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের আয়োজনে বিশ্ব মান দিবসের আলোচনা সভা হয়। এবারের প্রতিপাদ্য ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
প্রধান অতিথির বক্তব্যে খলিল আহমদ বলেন, মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ ভোক্তার অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্যও জরুরি। তার মতে, এতে শিল্পের বিকাশ হয় এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ে।
তিনি আরও বলেন, পণ্যের মান ঠিক থাকলে ভোক্তারা প্রতারণার ঝুঁকি থেকে রক্ষা পান। এতে উৎপাদক ও ব্যবসায়ীদের প্রতি মানুষের আস্থাও বাড়ে। সম্মিলিত সচেতনতা, কার্যকর তদারকি ও মানদণ্ডের সঠিক প্রয়োগ থাকলে নিরাপদ পণ্য ও সুরক্ষিত ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
কমিশনারের ভাষ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়লে উৎপাদন ব্যয় কমবে। পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমবে। টেকসই উন্নয়নের জন্য পণ্য ও সেবার মানের সঙ্গে পরিবেশগত মানদণ্ডও মানতে হবে বলে তিনি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও বিএসটিআইয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন