Advertise top
আদালত-অপরাধ

বানারীপাড়া থানার ওসিসহ ৭ পুলিশের নামে মামলা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম    

বানারীপাড়া থানার ওসিসহ ৭ পুলিশের নামে মামলা
বরিশালের বানারীপাড়া থানা। ফাইল ছবি

বরিশালের বানারীপাড়া থানার ওসি ও এসআইসহ পুলিশ ৭ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।  মারধর ও অবৈধভাবে আটকের অভিযোগ তাদের বিরুদ্ধে।

 

মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক সৈয়দ আবিদুল হক। তিনি মঙ্গলবার, ১৩ অক্টোবর এ আদেশ দেন।

 

বাদী জালিছ মাহমুদ বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রামের বাসিন্দা। মামলায় থানার ওসি মো. মজিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. জাহিদকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়েছে। আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা পুলিশ সদস্যও আসামি।

 

এজাহারে বলা হয়েছে, ওসির নির্দেশে এসআই জাহিদ চার-পাঁচজন পুলিশ নিয়ে সোমবার, ১২ অক্টোবর সকাল ১১টার দিকে জালিছকে আটক করতে যান। অভিযোগ অনুযায়ী, বাড়ির সামনের সড়কে তার গলা চেপে ধরা হয় এবং কিল-ঘুষি ও লাথি মারা হয়।

 

বাদীর দাবি, সাবেক স্ত্রীর দায়ের করা মামলার কথা বলে তাকে থানায় নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় আটকে রাখা হয়। এরপর তার অনুমতি ছাড়াই শিশুকন্যাকে সাবেক স্ত্রীর জিম্মায় দেওয়া হয়। থানা থেকে ছাড়া পেয়ে তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

মামলায় আইনগত অধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা মামলার ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত এবং আইনগত ব্যবস্থার আবেদনও করেছেন বাদী।

 

এজাহার সূত্রে জানা গেছে, জালিছ মাহমুদের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়েছে। পরে স্ত্রী যৌতুক নিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা করেন। বকেয়া খোরপোশ ও দেনমোহরসহ সব টাকা পরিশোধের পর বিচার শেষে খালাস পান জালিছ। দম্পতির একটি শিশুকন্যা রয়েছে। এজাহারে তার বয়স প্রায় তিন বছর বলা হয়েছে।

 

ওসি মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, শিশুটির বয়স দুই বছর আট মাস এবং সে খুব অসুস্থ। মাতৃস্নেহ ও চিকিৎসা প্রয়োজন বিবেচনায় তাকে চিকিৎসা করিয়ে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ওসি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal