বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

মাদক উদ্ধারসহ সামগ্রিক কাজের মূল্যায়নে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বরিশাল জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছেন।
সম্মাননা দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের সামগ্রিক কাজের ভিত্তিতে। বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার, ১৩ অক্টোবর মাসিক কল্যাণ সভা হয়। সেখানে পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান তার হাতে সম্মাননা তুলে দেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সেবা কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতা বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া মাদক উদ্ধারে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ সনদ দিয়েছে।
ওসি জানান, উপজেলাবাসীর সহযোগিতায় সেপ্টেম্বরে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এতে ২ হাজার ২১৭ পিস ইয়াবা, ৫৪০ গ্রাম গাঁজা ও প্রায় ২০ লিটার দেশি মদ উদ্ধার হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭৫টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৭০ জনকে, গ্রেপ্তার হয়েছেন ৬৩ জন।
মাসুদ খান বলেন, "এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়। এটি আগৈলঝাড়া থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যদের পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল।"
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আইনশৃঙ্খলা, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন। ওসি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো ও অপরাধমুক্ত আগৈলঝাড়া গড়তে কার্যক্রম চলবে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, এই সাফল্য অন্য ইউনিটগুলোর জন্যও অনুপ্রেরণা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন