Advertise top
আদালত-অপরাধ

বাবুগঞ্জে মারধরে নারীর মৃত্যুর অভিযোগে

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম    

বাবুগঞ্জে মারধরে নারীর মৃত্যুর অভিযোগে
চিকিৎসক বলছেন মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশির মৃত্যু হয়েছে। বরিশাল নিউজ ডটকম

আগের স্ত্রীর সঙ্গে স্বামীর যোগাযোগ নিয়ে বিরোধের জেরে বাবুগঞ্জে এক নারীকে মারধরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের ঐশি আক্তার (২৫) মারা গেছেন। তিনি শাহে আলমের মেয়ে এবং এক মাস ১২ দিন বয়সী এক সন্তানের মা।

 

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, সোমবার, ১২ অক্টোবর সকাল সাতটার দিকে ঐশিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এরপর তার স্বামী সোহেল ও দেবরকে হেফাজতে নেয় পুলিশ। ওসি আরও জানান, দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঐশির চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একে মনিরুল ইসলাম বলেন, “মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশির মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখমের চিহ্ন ছিল।”

 

ঐশির চাচা সোহেল হাওলাদার জানান, এক বছর দুই মাস আগে ঐশির সঙ্গে সোহেলের বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তার অভিযোগ, বিয়ের পর স্বামী সোহেল তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর সঙ্গে আবার যোগাযোগ শুরু করেন। এ নিয়ে ঐশির সঙ্গে বিরোধ বাধে।

 

চাচার ভাষ্য, চার-পাঁচ দিন আগে সোহেল ঐশিকে মারধর করেন। অসুস্থ ঐশিকে গ্রাম্য চিকিৎসক দেখিয়ে বাসায় রাখা হয়। পরিবার হাসপাতালে ভর্তির কথা বললেও সোহেল তা করেননি বলে অভিযোগ তার। চিকিৎসকের বরাতে তিনি আরও জানান, হাসপাতালে আনার অন্তত পাঁচ ঘণ্টা আগে ঐশির মৃত্যু হয়েছিল।

 

ঐশির মা নেই, বাবা অসুস্থ। তাই শিশুটিকে একজনের জিম্মায় রাখা হয়েছে। স্বামী, তার বাবা-মা ও ভাইকে আসামি করে মামলা করা হবে বলেও জানান চাচা।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal