বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

সরকারি দায়িত্বকে মানুষের জন্য কাজের সুযোগ হিসেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের অর্থ ব্যয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার, ১১ অক্টোবর পর্যালোচনা সভা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। কর্মকর্তারা চলমান প্রকল্প ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা জনগণের অর্থ। আমি আশা করব, এই অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়।’ এ বিষয়ে সবাইকে মনোযোগ দিতে বলেন তিনি।
তিনি বলেন, সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা মোট জনসংখ্যার তুলনায় সুবিধাপ্রাপ্ত অবস্থানে আছেন। প্রধানমন্ত্রীর ভাষায়, ‘আল্লাহ তা’আলা আমাদের দেশ ও মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন।’ এই সুযোগ সব সময় থাকে না। তাই দায়িত্বে থাকার সময়টুকু মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দিতে বলেন প্রধানমন্ত্রী। তার মতে, মাঠপর্যায়ের অভিজ্ঞতা সরকারের সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে আবার আলোচনা হবে। পরের বৈঠকে কর্মকর্তারা আরও খোলামেলা মতামত দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন