বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতকে প্রত্যর্পণের চিঠি দেওয়া হয়েছে। সরকার চাপে নেই বলেও দাবি তার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার, ২৫ নভেম্বর সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা দেশে ফিরতে পারেন। এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ভারত আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা করছে বলে জানিয়েছে। হাসিনা কখনো নভেম্বর, কখনো ডিসেম্বরে আসার কথা বলছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “কবে আসবেন, সেটা জানা নেই।” সরকার এ নিয়ে চাপে নেই বলে জানান সালাহউদ্দিন।
সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানকে তিনি সরকারের নিয়মিত কাজ বলে উল্লেখ করেন। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে বলে জানান তিনি। কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালালে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও সতর্ক করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ষড়যন্ত্রে যুক্ত। তারা সরকারের কঠোর নজরদারিতে আছেন। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। মন্ত্রী বলেন, তদন্ত, অভিযোগপত্র ও বিচার শেষে আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, মজুরি নির্ধারণের পরও যারা আন্দোলন করছেন, তারা শ্রমিক নন। তাদের পেছনে কারা আছে, তা খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন