Advertise top
বাংলাদেশ

গাজীপুরে কারখানা বন্ধ; মহাসড়কে সংঘর্ষ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম    

গাজীপুরে কারখানা বন্ধ; মহাসড়কে সংঘর্ষ
গাজীপুরের নাওজোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ। সংগৃহীত

মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মহাসড়ক অবরোধে বিঘ্নিত হয়েছে যান চলাচল।

 

মজুরি বোর্ড ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর গাজীপুরে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে রাস্তায় নামেন। পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

 

নাওজোড়ে বেলা ১১টার দিকে পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবর্জনায় আগুন দেন। এতে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করেন। এ সময় শ্রমিকেরা শিল্প পুলিশের এক পরিদর্শককে আটকে রাখেন এবং তার মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাওজোড়, ভোগড়া ও সালনায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। পরে বল প্রয়োগ করে তাদের সরানো হয়।

 

শ্রীপুরের নয়নপুরে ডিবিএল সিরামিক কারখানার সামনে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিক নাজমুল ইসলাম জানান, ছুটি পেয়ে বাড়ি ফেরার পথে লাঠিসোঁটা হাতে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এরপরই তারা অবরোধ করেন।

 

একই এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা প্রায় আধা কিলোমিটার মিছিল করেন। তাদের অভিযোগ, শ্রমিক পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা করছে।

 

জেলার অন্তত ৩০টি কারখানায় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২টি কারখানা এখনো চালু হয়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal