বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে যাওয়ার পথে আটক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই এলাকা থেকে আটক কেজরিওয়াল ও বিজয়নও।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতাকে শনিবার, ১০ অক্টোবর সেন্ট্রাল দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় পুলিশ আটকে দেয়। যন্তর মন্তরের দিকের সড়ক বন্ধ থাকায় তিনি একটি বাসস্ট্যান্ডে বসে পড়েন। মুখে ব্যান্ডএইড এঁটে তিনি নীরব, প্রতীকী প্রতিবাদ করেন। এর মাধ্যমে সরকারের ‘স্বৈরাচারী আচরণের’ প্রতিবাদ জানানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পরে পুলিশ মমতা ও তৃণমূলের পাঁচ সংসদ সদস্যকে বাসে তুলে নেয়। তাঁদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। একই এলাকা থেকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়নকেও হেফাজতে নেওয়া হয়।
বাসের ভেতর থেকে দেওয়া ভিডিও বার্তায় মমতা সরকারের আচরণের সমালোচনা করেন। তিনি জানান, ‘ইনডিয়া’ জোটের সংগ্রাম রাজপথে চলবে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের ডাক দেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। হিন্দুস্তান টাইমস জানায়, দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শনিবার, ১০ অক্টোবর সকালে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ থেকে আটক করা হয়। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ৮ অক্টোবর মমতা জানিয়েছিলেন, ইনডিয়া জোটের নেতাদের অনুরোধে তিনি দিল্লি যাবেন। দ্য প্রিন্টের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন