বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

গাজায় দখলদার ইসরাইলের হামলায় চারজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতেই হামলা বলে অভিযোগ করেছে হামাস।
হামাস নেতা খলিল আল-হাইয়ার পরিবারকে লক্ষ্য করে শুক্রবার, ২৭ নভেম্বর ভোরে বিমান হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। হামাসের কর্মকর্তা বাসেম নাইম জানান, আল-হাইয়ার ২৯ বছর বয়সী ছেলে ইজ্জেলদিন ও তার পরিবার অক্ষত আছেন। হামাসের সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলায় পুত্রবধূসহ কয়েকজন আত্মীয় আহত হয়েছেন।
নাইমের ভাষ্য অনুযায়ী, ইজ্জেলদিনই আল-হাইয়ার একমাত্র জীবিত ছেলে। ২০০৮, ২০১৪ ও ২০২৫ সালে এবং চলতি বছরের মে মাসে আরও চার ছেলে নিহত হন। হামাস একে 'গুপ্তহত্যা' বলে নিন্দা জানিয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের হুমকির সঙ্গে হামলার যোগসূত্রও তুলে ধরেছে তারা।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, উত্তর গাজায় ড্রোন হামলায় খালেদ আসাফ নামে একজন নিহত হয়েছেন। রাফায় একটি মসজিদের কাছে হামলার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খান ইউনিসে ইসরাইলি সেনাদের গুলিতে একটি শিশু আহত হয়েছে।
গাজা সিটির আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতাল নিয়েও পাল্টাপাল্টি দাবি উঠেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, সেখানে হামাসের সামরিক কার্যক্রম চলছে। হামাস দাবিটি 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত ১ হাজার ৭০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা অন্তত ৭৪ হাজার ৭৭২।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন