বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

বরিশাল নগরীতে নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করার জন্য এই অভিযান। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী বিশেষ তদারকির অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার, ৮ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলে।
জরিমানা করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি কলোনি এলাকার চিড়া ও খাজা তৈরির দুটি কারখানা এবং একটি এলপি গ্যাস সিলিন্ডারের খুচরা দোকান। পোর্ট রোড এলাকার একটি দোকানকেও জরিমানা করা হয়। নানা অনিয়মের কারণে মোট ছয় প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার টাকা আদায় হয়।
অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস দুপুরে অভিযান শেষে বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পুলিশের একটি দল।
ইন্দ্রানী দাস বলেন, বাজার স্থিতিশীল রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো এবং এলপি গ্যাসে বাড়তি টাকা আদায় বন্ধ করাই অভিযানের লক্ষ্য। বাজারে শৃঙ্খলা ও স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের তদারকি চলবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন