বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন পবিত্র নগরী মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই গত মঙ্গলবার সন্ধ্যায় ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে।
ইয়েমেন-সৌদি সংঘাত তীব্র আকার ধারণ করার মধ্যে এ ঘটনা ঘটল। যদিও হুথিরা এই দাবিকে ‘পুরোনো মিথ্যা’ আখ্যা দিয়ে হামলার দায় অস্বীকার করেছে।
বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ কথিত এ হামলার নিন্দা জানিয়েছে। ওয়াইসিও ঘটনাটিকে ন্যাক্কারজনক বলেছে।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ফোর্স মক্কার দক্ষিণে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করে। তিনি এ ঘটনাকে উপাসনাকারীদের ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে আখ্যায়িত করে বলেন, পবিত্র দুই মসজিদ ও হজযাত্রীদের নিরাপত্তা একটি "রেড লাইন" বা অলঙ্ঘনীয় সীমা।
মক্কায় সতর্কতা জারি
মঙ্গলবার মক্কায় জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়, যা ২০১৭ সালে হুথিদের সর্বশেষ মক্কা লক্ষ্য করার চেষ্টার পর এই প্রথম। কয়েক মিনিটের মধ্যেই এই সতর্কতা প্রত্যাহার করা হলেও একই সময়ে তায়েফ ও জেদ্দায়ও একই ধরনের সতর্কতা সক্রিয় করা হয়েছিল।
ইয়েমেনের সংবাদ সংস্থা সাবাকে দেওয়া বিবৃতিতে হুথি বাহিনীর এক সামরিক সূত্র মক্কা বা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানের প্রতি হুথিদের হুমকির অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং এই দাবিকে বিভ্রান্তিকর প্রচারণা বলে অভিহিত করে।
উত্তেজনার সূত্রপাত
মক্কার ঘটনার আগের দিন, সোমবার রাতে হুথিরা খামিস মুশাইত, আবহা ও তায়েফ শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন এবং সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় বলে সৌদি জোট জানিয়েছে। জবাবে সৌদি জোট "দৃঢ়ভাবে" প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করে।
হুথিপন্থী গণমাধ্যমের দাবি, পাল্টা সৌদি বিমান হামলায় তাইজ প্রদেশের দুবাব ও মাকবানাহ এলাকায় দুই শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) সতর্ক করে জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে ইয়েমেনে চলমান সংঘাতে অন্তত ১৮ হাজার পরিবার বা ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রেক্ষাপট
২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করার পর সৌদি আরব ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে, যা থেকেই এই দীর্ঘমেয়াদি সংঘাতের সূত্রপাত। ২০২২ সালে জাতিসংঘ-মধ্যস্থ যুদ্ধবিরতির পর সৌদি ভূখণ্ডে হুথি হামলা বহুলাংশে থেমে গিয়েছিল, তবে জুলাই মাসে হুথিরা সৌদি জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করার পর থেকে সংঘাত আবার তীব্র হয়ে উঠেছে।
সম্প্রতি হুথি বাহিনী ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশ এবং বাব আল-মান্দেব প্রণালী সংলগ্ন এলাকা দখল করেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সম্প্রতি সৌদি আরব ভ্রমণে তাদের সতর্কতা কঠোর করেছে এবং সরকারি কর্মীদের ইয়েমেন সীমান্তের ২০ মাইলের মধ্যে যেতে নিষেধ করেছে।
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগকে "জঘন্য" আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।
মক্কা ইসলামের পবিত্রতম নগরী, যেখানে অবস্থিত কাবাঘরকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মুসলিম প্রতিদিন নামাজ আদায় করেন। চলতি বছর মে মাসে হজ মৌসুমে প্রায় ১৭ লাখ মুসলিম সৌদি আরবে সমবেত হয়েছিলেন। করোনা মহামারির সময় ছাড়া ইতিহাসে হজ কখনো সীমিত করা হয়নি।
সূত্র: আল জাজিরা, সিএনবিসি, এবিসি নিউজ, রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন