Advertise top
বিদেশ

প্রথমবার সশরীরে আইসিসিতে হাজির দুতার্তে

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম    

প্রথমবার সশরীরে আইসিসিতে হাজির দুতার্তে
সাবেক প্রেসিডেন্ট দুতার্তে। ছবি: আনাদলু এজেন্সি

সাবেক ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বুধবার, ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো সশরীরে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির হয়েছেন।

 

নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত মামলার তৃতীয় স্ট্যাটাস কনফারেন্সে ৮১ বছর বয়সী দুতার্তে গাঢ় রঙের স্যুট ও সাদা শার্ট পরে হাজির হন বলে জানায় বার্তা সংস্থা এএফপি। এর আগে ২০২৫ সালের ১৪ মার্চ ভিডিও লিংকের মাধ্যমে আদালতে প্রথমবার হাজিরা দেন তিনি, এরপর অসুস্থতার অজুহাতে একাধিক শুনানি এড়িয়ে যান বলে অভিযোগ করেছিল কৌঁসুলি পক্ষ।

 

ফিলিপাইনের অনলাইন সংবাদমাধ্যম র‍্যাপলার জানায়, বিচারক জোয়ানা কর্নার বুধবারের শুনানিতে দুতার্তের উপস্থিতির বিষয়টি উল্লেখ করেন। এবারের শুনানিতে আগের দুটি স্ট্যাটাস কনফারেন্সের মতো হাজিরা মওকুফের কোনো আবেদন করেনি তার আইনজীবী দল, যা তার সশরীরে উপস্থিতির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

 

মাদকবিরোধী অভিযানকালে অন্তত ৭৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছেন আইসিসির কৌঁসুলিরা। আইসিসির ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া প্রথম এশীয় সাবেক রাষ্ট্রপ্রধান দুতার্তে, যার মামলার বিচার আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

 

এদিকে হেগে আইসিসি ভবনের বাইরে দুতার্তেকে আটক রাখার পক্ষে ও তার মেয়ে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিচারের দাবিতে বিক্ষোভ করেন নেদারল্যান্ডসপ্রবাসী কয়েকজন ফিলিপিনো, জানায় সংবাদমাধ্যম জিএমএ নিউজ। তবে সাবেক প্রেসিডেন্টের সমর্থনে সেখানে অল্প কয়েকজনই উপস্থিত ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal