Advertise top
চিকিৎসা

হাম ঠেকাতে ২৬ সেপ্টেম্বর টিকা কার্যক্রম শুরু

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম    

হাম ঠেকাতে ২৬ সেপ্টেম্বর টিকা কার্যক্রম শুরু
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

হামের প্রকোপ ঠেকাতে সারাদেশে ব্যাপক আকারে টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

 

হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান কার্যক্রমও একই সঙ্গে অব্যাহত থাকবে জানান মন্ত্রী।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী শনিবার, ১২ সেপ্টেম্বর দুপুরে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, হাসপাতালে যেসব শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে, তাদের অধিকাংশই টিকা নেয়নি। এ কারণে এখনও দেশে হাম দেখা যাচ্ছে বলে জানান তিনি। শিশুদের হাম থেকে রক্ষায় টিকার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

সাখাওয়াত হোসেন বলেন, "আমরা অতীতের সরকারের মতো বসে থাকব না। আগামী ২৬ তারিখ থেকে সারাদেশে আমরা ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছি।"

 

তিনি আরও বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি।" প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র ২১ দিনের মধ্যে সরকার দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করেছে বলে জানান মন্ত্রী। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে ইতিমধ্যে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতের অঙ্গীকার করেছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগেও দেশে হাম দেখা গেছে, তবে তখন পুষ্টির ঘাটতি ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু তুলনামূলক কম ছিল। বর্তমানে পুষ্টিহীনতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার গুরুত্ব অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বাসস


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal