বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম

চিকিৎসার ঝক্কি কমাতে কুনমিংয়ের হুয়াশিয়া আই হাসপাতালে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু হয়েছে।
চীনের কুনমিংয়ে হাসপাতালটিতে শনিবার, ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন হয়। কনসাল জেনারেল শাহনাজ রানু ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য এমন সেবা এটিই প্রথম।
নতুন ব্যবস্থায় রোগীরা চীনে যাওয়ার আগেই পরামর্শ নিতে ও চিকিৎসা-নথি পর্যালোচনা করাতে পারবেন। হাসপাতালে পৌঁছালে পাবেন অগ্রাধিকার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট, আলাদা আন্তর্জাতিক ডেস্ক ও দোভাষী সহায়তা। দেশে ফেরার পরও ফলো-আপ সেবা মিলবে।
একই দিন শাহনাজ রানু ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছিলেন কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান ও হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং।
কনসাল জেনারেল বলেন, বাংলাদেশি রোগীদের নিরাপদ সেবা, ব্যয়ে স্বচ্ছতা ও মর্যাদা নিশ্চিত করাই কনস্যুলেটের প্রধান প্রত্যাশা। তিনি হাসপাতালটিকে বাংলাদেশি চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলি-কনসালটেশন এবং দেশীয় চক্ষু প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন