বরিশাল নিউজ
প্রকাশ : ২৪ আগষ্ট ২০২৬, ০৯:২০ পিএম

নারী নির্যাতন বন্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা। এছাড়াও সম্পত্তিতে সমান অধিকার ও সমকাজে সমমজুরি নিশ্চিত এবং রংপুর হত্যাকান্ডের বিচারে দাবিও জানায় তারা।
অশ্বিনী কুমার হল চত্বরে আজ সোমবার, ২৪ আগস্ট সকালে নারী নির্যাতন প্রতিরোধ (ইয়াসমিন হত্যা) দিবস উপলক্ষে সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।

সমাবেশের শুরুতে মিছিল নিয়ে তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন । মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: মনীষা চক্রবর্ত্তী, ফোরামের ঢাকা মহানগর শাখার সদস্য সেলিনা বেগম, ফোরামের বরিশাল মহানগর শাখার সদস্য সালমা খানম, অর্থ বিষয়ক সম্পাদক সালমা বেগম, কাশিপুর ইউনিয়ন শাখার সংগঠক মুন্নি আক্তার।
সভায় আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং বিএম কলেজের আহ্বায়ক ফারজানা আক্তার, বরিশাল মহানগর শাখার সদস্য উম্মে হালিমা লাবনী, সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক মাইশা রহমান আশা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন প্রমুখ।
বক্তারা গৃহকর্মী ইয়াসমিনকে ধর্ষন ও হত্যাকান্ডের ঘটনা উল্লেখ করে বলেন, নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ১৯৯৫ সালের ২৪ আগস্ট পুলিশ তাদের টহল গাড়িতে উঠিয়ে নিয়েছিল ইয়াসমীনকে। পরে সেই পুলিশ ইয়াসমিনকে ধর্ষন এবং হত্যা করে লাশ ফেলে চলে যায়।
এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়া দিনাজপুরের মানুষের উপর পুলিশের গুলি চালিয়ে আরো ৭ জন মেরে ফেলে। জনতার প্রতিরোধের মুখে এই ঘটনার বিচার হয় ও ২০০৪ সালে তিন জন পুলিশকে ফাঁসি দেওয়া হয়। তারা বলেন, এরপর আজও আমাদের দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন চলছে এবং কোনো বিচার হচ্ছে না।
আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে তারা বলেন, ২০২৫ সালের প্রথম ৬ মাসে নারী নির্যাতনের সংখ্যা ছিল ১০৪২টি, আর ২০২৬ সালে এই সংখ্যা ১৬২১টি।
২০১৫ সালে তনু ধর্ষণ ও হত্যার আজ ও বিচার হয়নি। বরং এই তালিকায় যুক্ত হয়েছে নুসরাত, আছিয়া, রামিসাসহ আরও অজস্র নাম।
বক্তারা ইয়াসমিন হত্যা দিবসে গণপ্রতিরোধ গড়ে তুলে নারী নির্যাতন বন্ধে জনগণকে এগিয়ে আসার আহবান জানান। একইসাথে তারা নারীর অবাধে চলাচলের উপর মৌলবাদী আগ্রাসন রুখে দাঁড়ানোর আহবান জানান এবং নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপনের বিরোধিতা করেন।
এছাড়াও সাম্প্রতিক সময়ে রংপুর জেলায় ঘটে যাওয়া গণপতি চক্রবর্ত্তী ও তার পরিবারকে নৃশংসভাবে নিজ বাড়িতে ঢুকে হত্যা ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পরিচায়ক। বক্তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন