বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:০২ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলায় গৃহবধূ বকুল বেগম খনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে কয়েকজনকে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি আজাদকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) হযরত আলী হিরণ জানান, ভোলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো.শওকত হোসাইন রবিবার এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ নভেম্বর দিবাগত রাতে দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর ৯ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা তার বড় বোন মুকুল বেগমও গুরুতর আহত হন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল মালেক পণ্ডিত, মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিক। তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন