বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:১৯ পিএম

ঈদুল আজহা উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোতে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে এ ছুটি শুরু হবে।
তবে সীমিত পরিসরে ২৫ ও ২৬ মে কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে।
সার্কুলারে বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্প এলাকাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।
যেসব এলাকায় ব্যাংক খোলা
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে চালু থাকবে।
এসব শাখায় অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয় নির্দেশনায়।
এ ছাড়া সমুদ্র স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথসমূহে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন