Advertise top
অর্থনীতি

ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম    

ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ
সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বাসস

নতুন শ্রম আইনের কারণেই ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য হয়েছে বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

 

যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) সোমবার, ১৬ নভেম্বর বাংলাদেশকে যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে।

 

সচিবালয়ে মঙ্গলবার, ১৭ নভেম্বর সংবাদ ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, নতুন শ্রম আইন পাস ও শ্রমিকবান্ধব নীতির কারণে এই যোগ্যতা মিলেছে। তিনি জানান, প্রতিটি প্রকল্প আসবে ‘কেস টু কেস’ ভিত্তিতে। অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল খাতে মার্কিন বিনিয়োগ আসা সহজ হবে বলে তার আশা।

 

ডিএফসি থেকে ছয় ধরনের সুবিধা পাওয়া যায়। এর মধ্যে আছে ২৫ বছর মেয়াদি সরাসরি ঋণ, ইকুইটি বিনিয়োগ ও প্রকল্প অর্থায়ন। বেসরকারি খাতের জন্য ঋণ ও ইকুইটি, বিমা সুরক্ষা এবং ঋণ পরিশোধের গ্যারান্টিও মেলে।

 

সংস্থাটির ঋণ পাওয়ার যোগ্য দেশের সংখ্যা ১৯২। বাংলাদেশ সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে।

 

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ডিএফসি নিজে বড় অঙ্কের ঋণ না দিলেও গ্যারান্টির কারণে অন্য ঋণদাতারা ঝুঁকি কম দেখবেন। এতে ঋণের মেয়াদ ও সুদ নিয়ে দর-কষাকষির সুযোগ বাড়বে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal