Advertise top
অর্থনীতি

মজুরি প্রস্তাবে মালিকপক্ষকে ৪ দিন; দাবি ৩২ হাজার টাকা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম    

মজুরি প্রস্তাবে মালিকপক্ষকে ৪ দিন; দাবি ৩২ হাজার টাকা
সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে চেয়ারম্যানসহ সদস্যদের বৈঠক। সংগৃহীত

প্রস্তাব জমা দিতে না পারায় পোশাকশিল্পের মালিকপক্ষকে চার কার্যদিবস সময় দিল মজুরি বোর্ড। শ্রমিকপক্ষ চেয়েছে সর্বনিম্ন ৩২ হাজার টাকা।

 

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সোমবার, ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভা হয়।

 

মালিকপক্ষের লিখিত প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তারা তা দিতে পারেনি। মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলের বিশৃঙ্খল পরিস্থিতিতে কারখানার কাজে বেশি মনোযোগ দিতে হচ্ছে। তারা সাত কার্যদিবস চেয়েছিলেন। বোর্ড সবার সম্মতিতে চার কার্যদিবস দিয়েছে।

 

চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, “আগামী সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও আমরা সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাব।”

 

শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেন। নতুন বা শিক্ষানবিশ 

শ্রমিকের জন্য প্রস্তাব ৩০ হাজার টাকা। তিনি বলেন, চার সদস্যের পরিবারের ব্যয় ধরলে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা দরকার। তবে শিল্পের সক্ষমতা বিবেচনায় তারা ৩২ হাজার টাকা চেয়েছেন।

 

সভায় সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত হয়। চলতি সপ্তাহে বোর্ডের সদস্যরা শ্রমঘন শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন করবেন। আন্তর্জাতিক মজুরি সূচক পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

 

নতুন মজুরি কাঠামো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানান চেয়ারম্যান ও দুই পক্ষের প্রতিনিধিরা। শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বাড়তি মজুরি হাতে পাবেন বলেও জানান তারা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal