Advertise top
বরিশাল

বরিশালে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:১৪ পিএম    

বরিশালে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা
বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব । ছবি: বরিশাল নিউজ

ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৯ থেকে ২১ মে পর্যন্ত বরিশাল বিভাগের ৬টি জেলা ও ৪২টি উপজেলায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।

 

মেলা উপলক্ষে সার্কিট হাউজের সম্মেলনকক্ষে রবিবার সকাল ১০ টায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

তিনি বলেন, দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার অভিপ্রায়ে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটালাইজড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এ মেলার আয়োজন করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ভূমি মন্ত্রণালয় যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে তা শুধু ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার রূপান্তরের উদাহরণ নয়, এটি জনগণকে ক্ষমতায়নের একটি পথও বটে।

 

তিনি জানান, সাধারণ নাগরিককে নির্দিষ্ট ফি এর বিনিময়ে হয়রানিমুক্ত ডিজিটালাইজড ভূমি সেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। ভবিষ্যতে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সিঙ্গেল অ্যাপ বা প্ল্যাটফর্ম সেবা চালুকরণ, জমি ক্রয়ের সাথে সাথেই মালিকানা সনদ প্রদান, জাতীয় ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমি জরিপ বিরোধ নিষ্পত্তি ও সমন্বিত ভূমি অফিস নির্মাণ এবং আধুনিক রেকর্ডরুম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

 

তিনি আরও জানান, ৩ দিনব্যাপী এই ভূমি মেলা হবে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে এক কার্যকর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির একটি উত্তম প্ল্যাটফর্ম। মেলায় নাগরিকগণ ই-নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ও তাৎক্ষণিকভাবে তা গ্রহণ এবং সেবা বুথে নিয়োজিত কর্মকর্তার নিকট ভূমি সেবা বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তরসহ বিভিন্ন ভূমিসেবা পাবেন।

 

তিনি সকলকে ভূমি মেলায় অংশ নিয়ে ডিজিটাল ভূমি সেবাগুলোর সাথে পরিচিত হতে আহবান জানান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal