Advertise top
বাংলাদেশ

দক্ষতা না থাকলে বাড়বে বেকারত্ব: প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম    

দক্ষতা না থাকলে বাড়বে বেকারত্ব: প্রধানমন্ত্রী
অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএমও

শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা না বাড়লে সনদধারী বেকার বাড়বে, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে তিনি এ কথা বলেন।

 

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার, ২৮ নভেম্বর সকালে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সম্মিলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

 

তারেক রহমান বলেন, প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদধারীর সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। ব্যবহারিক ও কারিগরি জ্ঞানের অভাবকে তিনি শিক্ষিত বেকারত্বের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

 

শিক্ষককেন্দ্রিক পাঠদানের বদলে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পদ্ধতি চালুর কথা বলেন তিনি। শিক্ষকদের প্রশিক্ষণে 'ট্রেনিং অব ট্রেইনার্স' কর্মসূচিকে কার্যকর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

শিল্প খাতের সঙ্গে সমন্বয়ের ওপরও জোর দেন তারেক রহমান। শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ বিবেচনা করতে বলেন তিনি। ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণ বাড়াতে উদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানান।

 

শিক্ষকদের গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতের ভিন্নতা স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি। তবে তা যেন পাঠদান ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।

 

ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি ও কোরীয়সহ চাহিদাসম্পন্ন ভাষা শেখানোর ওপর গুরুত্ব দেন তিনি। কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতেও বলেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়ছেন। দেশের উচ্চশিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal